Written by

in

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চোর সন্দেহে দুই যুবককে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে লাল বাদশা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইদুল (১৮) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লাল বাদশা উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর আদর্শ গ্রামের জামাল হোসেনের ছেলে। আহত মাইদুল একই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, তারা দুজন পরস্পর বন্ধু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মহব্বতপুর পদ্মপুকুর এলাকার একটি রাস্তার পাশে মাঠে দুই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল বাদশাকে মৃত এবং মাইদুলকে জীবিত অবস্থায় উদ্ধার করে। গুরুতর আহত মাইদুলকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসাধীন মাইদুল পুলিশকে জানান, জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি তাদের ডেকে নিয়ে একটি নির্জন বাড়িতে বন্দি করে রাখেন। সেখানে তাদের বেধড়ক মারধর ও অমানুষিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তারা দুজনই অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তাদের মাঠের পাশে ফেলে রেখে চলে যায়।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত ও অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *